রোববার, ২৯ মার্চ ২০২৬ | চৈত্র ১৫, ১৪৩২

রোববার, ২৯ মার্চ ২০২৬
চৈত্র ১৫, ১৪৩২

অস্ট্রেলিয়ার মাঠে ইমরানের ছবি প্রদর্শন করায় নাজেহাল সমর্থক

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১১-২১ ১৭:৪৯:৫১

ডেস্ক রিপোর্ট ::

পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন ইমরান খান। খেলোয়াড়ি জীবন শেষ করে রাজনীতিতে পা দেন এই অলরাউন্ডার। সময়ের আবর্তনে একসময় হয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রীও। তবে বর্তমানে রাজনৈতিক কারণেই কারাগারে বন্দী সাবেক বিশ্বসেরা এই ক্রিকেটার। তবে তার মুক্তির দাবিতে পাকিস্তানসহ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ।

ইমরানের মুক্তির দাবিতে পোস্টার প্রদর্শন করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও। ঘটনাটি ঘটে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময়। অবশ্য এ কারণে নাজেহালও হতে হয়েছে এক পাকিস্তানি সমর্থককে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সিডনির মাঠে ইমরান সমর্থক এক ক্রিকেটভক্ত তুলে ধরেছেন তার পোস্টার। সেটি বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন মাঠের দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি। ইমরান সমর্থককে মাঠের নিরাপত্তায় নিয়োজিত ওই ব্যক্তি বলেন, ‘তুমি এটি (পোস্টার) আমাকে দাও অথবা স্টেডিয়াম ছেড়ে চলে যাও। তোমার পছন্দ।’ সেই ঘটনা ভিডিও করেন মাঠে উপস্থিত আরেক দর্শক। ভিডিওতে পরে অবশ্য দেখা যায়, পরবর্তীতে সেই দর্শককে সেই পোস্টার রাখার অনুমতি দেওয়া হয়। ইমরান ভক্ত সেই দর্শক ১৯৯২ সালের পাকিস্তানের বিশ্বকাপজয়ী জার্সি পরে হাজির হয়েছিলেন।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই ইমরান খান রাজনীতির জগতে প্রবেশ করেন এবং রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা হন। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০২২ সালে এক অনাস্থা ভোটের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হন ইমরান। ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার করা হয় ৭২ বছর বয়সী ইমরানকে। এরপর থেকে কারাগারেই আছেন তিনি। যদিও গতকাল বুধবার পাকিস্তানের একটি উচ্চ আদালত তাকে দ্বিতীয় তোশাখানা মামলায় জামিন দিয়েছেন। তবে এখনই তাকে মুক্তি দেওয়া হবে কি না তা স্পষ্ট নয়। 






SStv