আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই
ডেস্ক রিপোর্ট ::
মাঠে এবং মাঠের বাইরে—দুই ফ্রন্টেই চরম সংকটে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। একদিকে ফুটবল বিশ্বকাপে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার বিতর্কিত জয় নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল সমালোচনা, অন্যদিকে সংস্থাটির শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্রে মাঠে নেমেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন এবং আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স স্পোর্টস মেক্সিকোর বরাতে জানা গেছে, এএফএ সভাপতি ক্লাউডিও "চিকি" তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল ফেডারেশন এখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই-এর কঠোর নজরদারিতে রয়েছে। মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে কীভাবে শত শত মিলিয়ন ডলার লেনদেন করা হয়েছে এবং এর পেছনে কোনো অর্থ পাচার বা ব্যাংক জালিয়াতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা।
মার্কিন প্রশাসনের মূল নজর এখন ফ্লোরিডা-ভিত্তিক কোম্পানি ট্যুরপ্রোডএন্টার এলএলসি-এর দিকে, যা বিদেশে এএফএ-র আর্থিক চুক্তি ও বাণিজ্যিক বাধ্যবাধকতা তদারকি করে। লা নাসিওন-এর অনুসন্ধানে উঠে এসেছে যে, এই প্রতিষ্ঠানটি সিটিব্যাংক, ব্যাংক অব আমেরিকা এবং জেপি মরগানসহ পাঁচটি নামী মার্কিন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন করেছে।
বিস্ময়কর তথ্য হলো, এই বিশাল অংকের মাত্র একটি ছোট অংশ আর্জেন্টিনা ফুটবল দলের প্রকৃত পরিচালনা ব্যয়ে খরচ দেখানো হয়েছে। বাকি অর্থের মধ্যে প্রায় ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু ভুয়া কোম্পানি ও সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার কোনো বৈধ অর্থনৈতিক বা ব্যবসায়িক ভিত্তি নেই। এমনকি কোনো দৃশ্যমান সেবা না দিয়েই কোটি কোটি ডলার চলে গেছে বুয়েনস আইরেস এবং বারিলোচে শহরের এমন কিছু ব্যক্তির নিয়ন্ত্রণে, যারা কাগজে-কলমে আর্জেন্টিনার সরকারি সামাজিক অনুদান পেয়ে চলেন।