রোববার, ২৯ মার্চ ২০২৬ | চৈত্র ১৫, ১৪৩২

রোববার, ২৯ মার্চ ২০২৬
চৈত্র ১৫, ১৪৩২

এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়: ঐকমত্যে জামায়াত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৬ ২১:২২:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এ বিষয়ে তারা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা জানান।

তিনি বলেন, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারা। আলোচনায় ১০ জনের একটি সমন্বয় কমিটি অংশ নিয়েছে এবং আলোচনা এখনও অসমাপ্ত রয়েছে, আবারও বৈঠক হবে।

ডা. তাহের জানান, দ্রুততার চেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারের দিকে মনোযোগ দিচ্ছেন তারা। কমিশনও জাতির জন্য দরকারি সংস্কারে পৌঁছাতে চায়।

তিনি বলেন, অনেক বিষয়ে একমত হওয়া গেছে। বিশেষ করে, একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এ নিয়ে ঐকমত্য হয়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনায় তারা প্রস্তাব করেছেন, সংসদ সদস্যরা দলীয় অবস্থানের বাইরে ভূমিকা রাখতে পারবেন, তবে সংবিধান পরিবর্তন, বাজেট পাস এবং আস্থা ভোটের ক্ষেত্রে নয়।

ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের বিষয়েও নীতিগত ঐক্যমত্য হয়েছে। তবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে কাউন্সিলের বাইরে রাখার পরামর্শ দিয়েছে জামায়াত।

ডা. তাহের আরও জানান, তারা পিআর সিস্টেমে নির্বাচন আয়োজনের পক্ষে, যাতে নির্বাচনী দুর্নীতি, জাল ভোট এবং টাকার খেলা বন্ধ হয়।

তিনি বলেন, বিশ্বের প্রায় ৬০টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। একইসঙ্গে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে।

নারী আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এছাড়া বহুত্ববাদ পুরোপুরি বাদ দেওয়ার দাবি জানান এবং সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থার বিষয়টি সংযুক্তির প্রস্তাব দেন।

SStv