ফখরুলের প্রশ্ন: সরকার পরিষ্কারভাবে বলুক, নির্বাচন কবে হবে?
সরকারের শুভবুদ্ধির উদয় হবে আশাবাদ ব্যক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফেইক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে, একটা রোডম্যাপ দেন।’
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সরকার সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের প্রধান দায়িত্ব এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সবাই মিলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি নোবেল বিজয়ী, তবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন মানুষের নিরাপত্তা এবং দেশের ভবিষ্যতের স্বার্থে অবিলম্বে নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে পরিণত করেছিল। হামলা, মামলা, গুম, খুন, নির্যাতন এবং কোটি কোটি টাকার লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল তারা। দেশের মানুষ রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে বলে দাবি করেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, যুদ্ধ দেখতে চাই না। হিউম্যানিটারিয়ান প্যাসেজ সিদ্ধান্তে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’
গণঅভ্যুত্থানের পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বাণী স্মরণ করে ফখরুল বলেন, ‘অনেক নির্যাতন হয়েছে, রক্তপাত হয়েছে। আসুন, সব প্রতিহিংসা ভুলে গিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ি।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।