শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | শ্রাবণ ৩০, ১৪৩৩

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শ্রাবণ ৩০, ১৪৩৩

চীনা ক্ষেপণাস্ত্রে শক্তি বাড়ালো পাকিস্তান, দুশ্চিন্তায় নয়াদিল্লি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-৩০ ১২:১৬:১৮

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় পাকিস্তানের হাতে অত্যাধুনিক PL-15 ক্ষেপণাস্ত্র তুলে দিল চীন। এতে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এই অস্ত্র সংযোজন ভারতের জন্য কৌশলগতভাবে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা কোম্পানি AVIC নির্মিত PL-15 হলো একটি রাডার-নিয়ন্ত্রিত আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যার সর্বোচ্চ পাল্লা ২০০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি শব্দের গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত (ম্যাক ৫+) এবং অত্যন্ত নিখুঁতভাবে শত্রু বিমানে আঘাত হানতে সক্ষম।

সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জেএফ-১৭ যুদ্ধবিমানের ছবি প্রকাশ করে, যেখানে চীনের PL-15 ক্ষেপণাস্ত্র যুক্ত ছিল। এই জেটগুলোর ডিজাইন ও উৎপাদন চীন-পাকিস্তানের যৌথ উদ্যোগে করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় জেএফ-১৭-এর আকাশযুদ্ধে সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে বলে ধারণা।

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারতের রাফাল যুদ্ধবিমান এবং এর সঙ্গে থাকা ইউরোপীয় Meteor ক্ষেপণাস্ত্র বর্তমানে BVR (Beyond Visual Range) শ্রেণিতে অন্যতম শক্তিশালী হলেও চীনের PL-15 সেটির সমপর্যায়ের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন করে পরিকল্পনা আনা জরুরি হয়ে পড়েছে।

চীনের এমন সামরিক সহায়তা শুধু পাকিস্তানের সক্ষমতা বাড়াচ্ছে না, বরং দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করছে। ইউরেশিয়ান টাইমস এবং ক্ল্যাশরিপোর্ট জানিয়েছে, চীন ভবিষ্যতেও পাকিস্তানকে আরও উন্নত অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এতে করে দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

SStv