সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | কার্তিক ২৫, ১৪৩৩

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
কার্তিক ২৫, ১৪৩৩

চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৬-১১-০৯ ১২:৫২:৫৭


ডেস্ক রিপোর্ট ::

সৌদি আরবের জেদ্দায় চলছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। গতকাল রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্মেলন ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

চলমান এই সম্মেলনে আজ সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করবেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। ধর্ম মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা।

হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান।

SStv