ফেনীতে তরুণীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
ফেনী প্রতিনিধি ::
ফেনীর দাগনভূঞায় সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে এক তরুণ ও তাঁর মামাতো বোনকে অপহরণ, মারধর, চাঁদা দাবি এবং তরুণীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বিকাশের মাধ্যমে টাকা আদায়েরও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রোববার (৮ নভেম্বর) বিএনপির এক নেতার অনুসারী জসিম, নাজিম উদ্দিন ও হানিফসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করে দাগনভূঞা থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী তরুণ সায়েম হোসেন খান।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর দুপুর ১২টার দিকে ফেনী কলেজ থেকে মামাতো বোনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন সায়েম হোসেন খান (২০)। পথে দাগনভূঞা উপজেলার গণিপুর ঈদগাহের সামনে পৌঁছালে জসিম, নাজিম উদ্দিন ও হানিফসহ কয়েকজন তাঁদের বহনকারী অটোরিকশার গতিরোধ করেন। পরে তাঁদের জোরপূর্বক নামিয়ে অন্য একটি সিএনজিতে তুলে সত্যপুর ব্রিকফিল্ডের পেছনের নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।
সেখানে অভিযুক্তরা তাঁদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে হত্যার হুমকি দিয়ে সায়েমকে মারধর করা হয়। এ সময় তাঁর কাছে থাকা তিন হাজার টাকা ও প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি ভিভো মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। এ ছাড়া তাঁর বিকাশ নম্বর থেকে এক হাজার টাকা এবং তাঁর বন্ধু জাহিদুল ইসলামের বিকাশ নম্বর থেকে আরও তিন হাজার টাকা অভিযুক্তদের একটি নম্বরে পাঠাতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা সায়েমের মামাতো বোনকে শরীরের স্পর্শকাতর স্থানে হাত ও মুখ দিয়ে যৌন হয়রানি করেন। পাশাপাশি তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে ধর্ষণের চেষ্টা করেন। পরে তাঁদের চিৎকারে বিকেল আনুমানিক চারটার দিকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার বিষয়ে আইনের আশ্রয় নিলে পুনরায় পেলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বাদী।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, গতকাল রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে জসিমের বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধভাবে মাটি কাটা এবং বিভিন্ন স্থান থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ উঠেছিলো। তিনি রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।