শনিবার, ২৭ জুন ২০২৬ | আষাঢ় ১৩, ১৪৩৩

শনিবার, ২৭ জুন ২০২৬
আষাঢ় ১৩, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আদ্যোপান্ত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১১-০৫ ১৩:১৪:১৫

আন্তর্জাতিক ডেস্ক ::

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। সে কারণে সারাবিশ্বেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহের কমতি দেখা যায় না। আর তা যদি হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন তা হলে তো কথাই নেই। এবারের প্রেসিডেন্ট নির্বাচনও এর ব্যতিক্রম নয়।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প- কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা, মেলানো হচ্ছে নানান সমীকরণ। এবারের প্রচারণায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট সমাধানের পাশাপাশি ইউক্রেন ও গাজা-ইসরায়েল যুদ্ধ, আফগানিস্তানে তালেবান ইস্যুসহ গুরুত্বপূর্ণ নানা বৈশ্বিক বিষয়গুলোও গুরুত্ব পেতে দেখা যাচ্ছে।

বেশিরভাগ মানুষের কাছে এটা ‘প্রেসিডেন্ট নির্বাচন’ হিসেবে পরিচিত হলেও এই নির্বাচনে প্রেসিডেন্ট পদের পাশাপাশি আইনসভার সদস্যদেরও বেছে নেবেন মার্কিন নাগরিকরা। ফলে খুব স্বাভাবিকভাবেই মার্কিন নাগরিকদের বাইরেও সারা বিশ্বের কোটি কোটি মানুষ নজর রাখছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। এর মধ্যে প্রায় ৭৫ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

শেষ দিকের প্রচারণায় কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প বেশ ব্যস্ত সময় পার করেছেন। মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় কমলা হ্যারিস বলেছেন, গাজা যুদ্ধ অবসানে তিনি তার ক্ষমতা অনুযায়ী সবকিছুই করবেন।

মিশিগানেই রয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আরব আমেরিকান জনগোষ্ঠীর বাস। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আরব-সংখ্যাগরিষ্ঠ শহর ডিয়ারবর্নে সমাবেশ করেছেন। ডেমোক্র্যাটদের মধ্যপ্রাচ্য নীতি ও ইসরায়েলকে আর্থিক সুবিধা দেওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে থাকা ক্ষোভকে পুঁজি করে বক্তব্য দিয়েছেন তিনি।

ট্রাম্পের কয়েকটি বক্তৃতা শুনে ধারণা পাওয়া যাচ্ছে যে, তিনি পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় যেসব কথা বলেছেন সে অবস্থানেই থাকতে চান। তিনি কয়েকমাস ধরে অর্থনীতি নিয়ে যেসব নীতির কথা বলেছেন সেগুলোরই পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্প ও হ্যারিসের একই বক্তব্য বারবার বলা, বিজ্ঞাপন ও দলীয় স্বেচ্ছাসেবীদের তৎপরতা, সুইং ভোটারদের জন্য কিছুটা ক্লান্তিকর হয়ে উঠেছে।

SStv