ভোটাধিকার নিয়ে টালবাহানা চলবে না: রিজভী
মানুষের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের টালবাহানা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (১৪ এপ্রিল) নববর্ষ উপলক্ষে রাজধানীর পরীবাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “যে ভোটাধিকারের জন্য আমরা ১৫-১৬ বছর ধরে লড়াই করছি, সেটি এখনও নিশ্চিত হয়নি। কিন্তু সেটি নিশ্চিত করার পথেই আমরা এগোচ্ছি। জনগণের ভোটাধিকার নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। কারণ, ভোটের অধিকারের জন্যই তো মানুষ সংগ্রাম করেছে। নববর্ষে জাতির একটাই আকাঙ্ক্ষা—মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।”
রিজভী শেখ হাসিনার সরকারকে একদলীয় কর্তৃত্ববাদী শাসনের দিকে এগোনোর অভিযোগ তুলে বলেন, “শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। আর সেই ভোটাধিকার কেড়ে নিতে গিয়ে তিনি আজীবন ক্ষমতাবিলাসী হয়ে ওঠেন। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা ও গণমাধ্যম ধ্বংস করেছেন।”
তিনি বলেন, “এই দেশের মানুষ তাদের নিজস্ব চিন্তা, সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তিতে লড়াই করেছে বলেই আমরা আজ বিজয়ী। এই বিজয়কে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।”
মঙ্গল শোভাযাত্রা নিয়ে মন্তব্য করে রিজভী বলেন, “বিগত সরকার পরিকল্পিতভাবে মুখোশের নামে দাড়িওয়ালা-টুপিওয়ালাদের বিকৃত চিত্র উপস্থাপন করত। অথচ সব দাড়িওয়ালা-টুপিওয়ালা তো স্বাধীনতার বিরোধিতা করেননি। এসব ছিল ধর্মবিশ্বাসে আঘাতের এক পরিকল্পিত অপচেষ্টা।”