কফিশপের সামনে তরুণী লাঞ্ছিত, ব্যবস্থাপকসহ আটক ২
রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’-এর সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় ওই কফিশপের ব্যবস্থাপকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন–আপন কফি হাউজের ব্যবস্থাপক আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।
তিনি জানান, “ভিডিওটি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, তবে ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল। ভিডিওতে যাকে লাঠি হাতে দেখা যায়, তাকে প্রাথমিকভাবে শুভ সূত্রধর হিসেবে শনাক্ত করা হয়েছে। বিকেল ৪টার দিকে আল-আমিন ও শুভকে আটক করে থানায় নেওয়া হয়।”
এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও জানান ওসি। তাকে শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, “যদি তরুণী বা তার পরিবারের কেউ পাওয়া না যায়, তাহলে পুলিশ নিজে বাদী হয়ে এ ঘটনায় মামলা করবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’-এর প্রবেশমুখে এক তরুণী দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর দোকান থেকে দুই কর্মচারী বের হয়ে আসেন এবং এক কর্মচারী হঠাৎ করেই তরুণীকে মারধর শুরু করেন।
পরে তরুণী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।
বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার এক পোস্টে জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত ‘আপন কফি হাউজ’-এর কর্মচারী শুভ সূত্রধরকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।