রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

ছয় দফা দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি, পলিটেকনিক শিক্ষার্থীদের হুঁশিয়ারি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৬ ১২:৪২:৩৯

ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল থেকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচিতে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। "কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ" ব্যানারে আয়োজিত এ আন্দোলনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে।

সাতরাস্তা মোড় বর্তমানে পলিটেকনিক শিক্ষার্থীদের দখলে রয়েছে। ক্লাস ও পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বর্জন করে শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নিয়েছে। তাদের দাবি—দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

আগামী মঙ্গলবার দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করবে আন্দোলনকারী সংগঠন "কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ"। এ সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এদিকে বুধবার সকালে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন রেললাইনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সেখানে তারা রেলপথ অবরোধ করে ছয় দফা দাবি পুনরায় উত্থাপন করে। ফলে খুলনা থেকে সারা দেশের সাথে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে। তারা আরও জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে এবং উপ-সহকারী ইঞ্জিনিয়ার পাসকৃতদের জন্য সংরক্ষিত পদের বিপরীতে দ্রুত নিয়োগ দিতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা ছয় দফার প্রতিটি দাবি মানার ওপর জোর দিয়েছেন এবং বলেন, এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই তাদের অবস্থান চলবে।

SStv