রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

১ মে থেকে দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা করল বিপিএ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৭ ১৩:৩৫:৪৯

প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) আগামী ১ মে থেকে সারা দেশে সব ধরনের ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান বিপিএ সভাপতি সুমন হাওলাদার।

তিনি জানান, গত দুই মাসে প্রান্তিক খামারিরা প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন। অথচ এমন ভয়াবহ পরিস্থিতিতেও সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নীরব রয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্পকে দখলের ষড়যন্ত্রে নেমেছে।

সুমন হাওলাদার বলেন, “রমজান ও ঈদের মৌসুমেও আমরা প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করেছি। প্রতি কেজিতে ৩০ টাকা লোকসানে এক মাসে ক্ষতি হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। দৈনিক ৪ কোটি ডিমের মধ্যে ৩ কোটি ডিম আসে প্রান্তিক খামারিদের খামার থেকে। প্রতি ডিমে ২ টাকা লোকসান করে দুই মাসে ক্ষতি হয়েছে ৩৬০ কোটি টাকা।”

তিনি আরও বলেন, “কর্পোরেট কোম্পানিগুলো শুধু ফিড, বাচ্চা ও ওষুধ নয়—ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর দাসত্বে ঠেলে দিচ্ছে। আমরা এই কর্পোরেট দাসত্ব মানব না।”

বিপিএ জানায়, ১ মে থেকে এই খামার বন্ধ কর্মসূচি চলবে যতক্ষণ না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

এদিকে কর্পোরেট শোষণের উদাহরণ টেনে সুমন হাওলাদার বলেন, “ঈদের আগে ২৮-৩০ টাকায় উৎপাদিত বাচ্চা কর্পোরেটরা ৭০-৮০ টাকায় বিক্রি করেছে। এখন সেটি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। অথচ প্রতি কেজি ব্রয়লারের উৎপাদন খরচ ১৬০-১৭০ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়। ডিমের ক্ষেত্রেও একই পরিস্থিতি।”

সংগঠনটির পক্ষ থেকে তিনি পোল্ট্রি খাত রক্ষায় ১০ দফা দাবি উত্থাপন করেন:

১. পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন
২. কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধ করতে কঠোর আইন
৩. পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন
৪. ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসনে সরকারি প্যাকেজ
৫. খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান
৬. কোম্পানিকে কেবল কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা
৭. কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ
৮. কেজিভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন
৯. ডিম-মুরগির রফতানির সুযোগ বৃদ্ধি
১০. পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন

SStv