অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, মাকে উদ্ধার করলেন স্থানীয়রা
চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা নালায় পড়ে ছয় মাস বয়সী একটি শিশু নিখোঁজ হয়েছে। অটোরিকশায় থাকা শিশুটির মাকে স্থানীয়রা উদ্ধার করলেও শিশুটির খোঁজ মেলেনি এখনো।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, “ছয় মাস বয়সী শিশুটিকে উদ্ধারে আমাদের টিম কাজ করছে। আমরা একটি ডুবুরি দলও পাঠিয়েছি।”
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নুরুল হুদা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। রাত সাড়ে ১০টা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।”
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই শিশুটির সুস্থভাবে উদ্ধারের অপেক্ষায় প্রহর গুনছেন।