রাখাইনের অস্থিরতায় রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই সম্ভব নয়: খলিলুর
মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান অস্থিরতায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখনই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষে আয়োজিত 'শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭' আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা সব পক্ষের সঙ্গে কাজ করছি যাতে রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। তখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হবে। আমরা আশাবাদী, সফল হব।”
বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে খলিলুর রহমান বলেন, “আমাদের দেশ সব ধর্ম, সব জাতিগোষ্ঠী ও সংস্কৃতির। আমরা বাংলা নববর্ষ উদযাপন করেছি, আজ এসেছি রাখাইন সম্প্রদায়ের সাংগ্রেং-এ।”
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে আরও বলেন, “মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে—এটি সরকারের একটি বড় কূটনৈতিক অর্জন। এই ধরনের পদক্ষেপ ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানে জরুরি।”