ইরানে হামলার পরিকল্পনা ফাঁস: ইসরায়েলের নিরাপত্তা মহলে তোলপাড়
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের গোপন হামলা পরিকল্পনা ফাঁস হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য নিউইয়র্ক টাইমস। এই ফাঁসকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বিপজ্জনক বলে উল্লেখ করেছে দেশটির নিরাপত্তা মহল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানমূলক রিপোর্টের বিষয়বস্তু তুলে ধরে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর সামরিক হামলার পরিকল্পনা ইসরায়েল দীর্ঘদিন ধরে বিবেচনায় রেখেছিল। ২০২৩ সালের ১ অক্টোবর ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হামলার পর থেকে এই পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ইসরায়েল সম্ভাব্য হামলার জন্য দুটি রূপ বিবেচনা করে—বৃহৎ আকারের বিমান হামলা কিংবা বিমান ও কমান্ডো অভিযানের সমন্বিত পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন সহায়তা চেয়েছিল তারা।
তবে ইসরায়েলের এই গোপন পরিকল্পনার ফাঁস অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধীরা দাবি করছেন, রাজনৈতিক লাভের আশায় তিনি নিজেই এ তথ্য ফাঁস করেছেন।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান বলেন, “আমরা ভাগ্যবান, সিরিয়া ও ইরাকে হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন না।”
নিউইয়র্ক টাইমস আরও জানায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় পর্যন্ত অপেক্ষা করছিল, যাতে তার সরকারের সম্মতি নিয়ে হামলা চালানো যায়। তবে ট্রাম্প প্রশাসনের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-ইরান সম্পর্ক এমনিতেই উত্তপ্ত। এই ফাঁস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।