রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও ফ্যাসিবাদ আসবে: নাহিদ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৯ ১৮:৪৬:১৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের উদ্দেশ্যে ছিল না। এটি কোনো দলকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য দলকে বসানোর পরিকল্পনার অংশ ছিল না। বরং এটি ছিল রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষার একটি আন্দোলন।

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যার ভিত্তি এই দেশের তরুণ সমাজ। আমরা চাই একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে, ফ্যাসিবাদের বিলোপ ঘটাতে।

তিনি বলেন, ৯০-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যার ফলেই দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা পেয়েছিল। এবার যেন সেই ভুল না হয়, এবারের গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়—এটাই জাতির প্রতি আমাদের অঙ্গীকার।

নাহিদ ইসলাম আরও বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানই আজকের এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি করেছে। এই অভ্যুত্থানে হাজারো মানুষ শাহাদাত বরণ করেছেন, অনেকে আহত হয়েছেন। এটাই প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়।

রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এনসিপি সংস্কার বলতে বোঝে সেই পরিবর্তন, যা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামোতেও মৌলিক রূপান্তর ঘটাবে। কারণ, আগের দলীয়করণকৃত ব্যবস্থা রেখে কেউই সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবে না।

তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের সুপারিশগুলোর অধিকাংশের সাথেই এনসিপি একমত। একইসঙ্গে কমিশনের কাছে আহ্বান জানান—রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের সেই পথ তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের।

SStv