রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

ওর্তেগা সরকারের ২৫০ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৯ ১৮:৫৮:২৮

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বাধীন সরকারের ২৫০ জনের বেশি কর্মকর্তার ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, ওর্তেগার সরকারের ‘নিরবিচারে দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ২ হাজারের বেশি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।

জাতিসংঘও নিকারাগুয়ার বর্তমান শাসনব্যবস্থাকে দমনমূলক বলে অভিহিত করেছে। বিশেষজ্ঞদের মতে, ওর্তেগা ও তার স্ত্রী ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো মিলে দেশটিতে একটি কেন্দ্রীয়, একনায়কতান্ত্রিক শাসন কায়েম করেছেন, যেখানে দল ও রাষ্ট্রের সীমানা মুছে যাচ্ছে।

২০১৮ সালে বিরোধী আন্দোলনে রক্তাক্ত অভিযান চালিয়ে ৩৫০ জনের বেশি মানুষকে হত্যা করে ওর্তেগা সরকার। এরপর থেকেই দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনা বাড়তে থাকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে বলেন, “নিকারাগুয়ার জনগণের ওপর অব্যাহত দমন-পীড়নের ঘটনায় ওর্তেগা ও মুরিলোর পাশে দাঁড়াবে না যুক্তরাষ্ট্র।”

অন্যদিকে নিকারাগুয়া সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছে এবং অতীতেও বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে।

SStv