রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

পাকিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরাঞ্চল

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৯ ১৯:০৭:৪৬

দক্ষিণ এশিয়ায় একের পর এক ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বাড়ছে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান।

শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টা ৪৮ মিনিটে পাকিস্তানের উত্তরাঞ্চলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি রাজধানী ইসলামাবাদসহ রাওয়ালপিন্ডি, লাহোর, অ্যাবোটাবাদ, পেশোয়ার, সোয়াত, চিত্রাল, মালাকান্দ ও মুজাফফরাবাদ অঞ্চলে প্রবলভাবে অনুভূত হয়।

জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল। ভূগর্ভে এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার, যা তুলনামূলকভাবে গভীর।

হঠাৎ কম্পন শুরু হলে আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে দোয়া ও কোরআন তেলাওয়াত করতে শুরু করেন। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ১২ ও ১৪ এপ্রিল এবং একই সপ্তাহের আরও দুটি রাতে ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়ায়। একের পর এক এই ভূমিকম্প দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ-প্রাকৃতিক অস্থিরতার বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, ২০০৫ সালে পাকিস্তানের কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পে ৮৬ হাজার মানুষের প্রাণহানি হয়। এছাড়া ২০১৩ সালে বেলুচিস্তানে ৭.৭ মাত্রার কম্পনে মৃত্যু হয় ৮০০ জনের। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান ভূমিকম্পগুলোর ব্যাপারে প্রশাসন আগেই সতর্ক ব্যবস্থা নিচ্ছে।

SStv