গণহত্যার অভিযোগে সালমান, দীপু মনি, পলকসহ ১৯ জনের বিচার শুরু
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানসহ আরও ১৪ জনকে।
এই মামলার শুনানি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ ডিসেম্বর ১৯ জন আসামিকে হাজিরের নির্দেশ দেয় এবং ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করে। সেই তারিখে অনুপস্থিত থাকায় ২০ এপ্রিল পুনরায় হাজিরের নির্দেশ দেওয়া হয়।
হাজির হওয়া ব্যক্তিরা হলেন—
আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জাহাংগীর আলম।
বিচারিক প্যানেল সূত্রে জানা গেছে, গণহত্যা, অপহরণ ও নির্যাতনের একাধিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে শুনানি চলবে এবং প্রমাণ সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।