রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

প্রধান উপদেষ্টা ড. ইউনূস কাতার সফরে যাচ্ছেন আজ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২১ ১২:০২:১৪

চার দিনের সরকারি সফরে আজ কাতারের রাজধানী দোহায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি কাতারে আয়োজিত ‘আর্থনা সামিট–২০২৫’-এ অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন ড. ইউনূস। সফরকালে কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়া এবারই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আর্থনা সামিট–২০২৫’ আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। এবারের সামিটের প্রতিপাদ্য—“আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান”। দুই দিনব্যাপী এই সম্মেলনে উপস্থাপনা, প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

SStv