ঘোষণা প্রত্যাহার: ১ মে থেকে খোলা থাকবে সব পোলট্রি খামার
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ঘোষণা দিয়েছিল যে ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখা হবে। তবে সোমবার (২১ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। সেখানে ১০-১২ জন প্রান্তিক খামারি উপস্থিত ছিলেন। বৈঠকে ডিজি খামারিদের ১০ দফা দাবি শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।
তিনি জানান, পোলট্রি খাদ্যের দাম ইতোমধ্যে কেজিতে ১ থেকে দেড় টাকা কমেছে এবং বাচ্চা, ওষুধ ও খাদ্যের দামের ওপর তদন্ত চলছে। এতে ভবিষ্যতে আরও দাম কমতে পারে।
বিপিএ জানায়, সরকারের এসব সিদ্ধান্তে প্রান্তিক খামারিরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তাই খামার বন্ধের কর্মসূচি বাতিল করা হয়েছে। তারা সরকারকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায় এবং ১ মে থেকে নিয়ম মেনে সব খামার চালু রাখার আহ্বান জানায়। তবে ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।