ট্রানজিট সুবিধা বাতিল: বেনাপোল থেকে ফেরত গেল রপ্তানি পণ্যবাহী ট্রাক
ভারতের ট্রানজিট সুবিধা প্রত্যাহারের ফলে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি পণ্যবোঝাই ট্রাক ভারতে প্রবেশ করতে না পেরে ফিরে যাচ্ছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বেনাপোল বন্দর থেকে ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের ৪টি রপ্তানি পণ্যবোঝাই ট্রাক ফেরত নেওয়া হয়। ট্রাকগুলো ঢাকার দিকে ফিরে গেছে।
ভারতের অর্থ মন্ত্রণালয়ের চিঠির ভিত্তিতে পেট্রাপোল কাস্টমস বন্দর হয়ে ট্রানজিট সুবিধার পণ্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী। তিনি জানান, এ কারণে বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকগুলো আর প্রবেশ করতে পারছে না।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস বলেন, এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের ব্যবসা ও বন্ধুত্বে প্রভাব ফেলবে। তিনি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এই সিদ্ধান্তের ফলে রপ্তানি বাণিজ্য বড় ক্ষতির মুখে পড়বে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) সজিব নাজির বলেন, পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রি পণ্যে কার্পাস ইস্যু না করায় ট্রাকগুলো ভারতে প্রবেশ করতে পারেনি। তবে ভারতের অভ্যন্তরে সরবরাহযোগ্য অন্যান্য পণ্যের রপ্তানি স্বাভাবিক রয়েছে।