রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২২ ১৭:৪৩:১৮

বাংলাদেশে তরুণদের গবেষণায় আগ্রহী করে তুলতে গুলশানে সোমবার দুপুরে ‘’-এর আয়োজনে এবং ‘টপ স্কলার সোসাইটি বাংলাদেশ’-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো এক সাংবাদিক সম্মেলন। এ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গবেষণায় হাতে-কলমে শেখানোর লক্ষ্যে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যাগুলো নিয়ে গবেষণা করতে পারবে এবং নিজেদের দক্ষতাকে আরও উন্নত করতে পারবে বলে জানানো হয়।

সম্মেলনে ‘ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মো. কারিউল ইসলাম বলেন, “পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা মানুষের চিন্তায় পরিবর্তন আনে, যার মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব।”

প্রতিষ্ঠানটির ডিরেক্টর ডা. তৃণা ইসলাম বলেন, “আমাদের দেশের তরুণরা খুবই মেধাবী। তারা শুধু সঠিক দিকনির্দেশনার অভাবে পিছিয়ে পড়ে। আমাদের প্রতিষ্ঠান সবসময় গবেষণার পথে বাধা দূর করে তরুণদের এগিয়ে যেতে সহায়তা করবে।” তিনি আরও জানান, “ইতোমধ্যেই আমরা ১০ হাজার গবেষক এবং দশটিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল তৈরি করেছি।”

‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর রিসার্চ অ্যাসোসিয়েট বাকি বিল্লাহ বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত করা হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে, যা শিক্ষার্থীদের আগ্রহ ও দেশের প্রয়োজন বিবেচনায় নির্ধারণ করা হবে।”

এই প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, একজন শিক্ষার্থী যিনি গবেষণা সম্পর্কে কিছুই জানেন না, তিনিও ধাপে ধাপে শেখার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ তৈরি ও প্রকাশ করতে পারবেন।

SStv