বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি: পুলিশ
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি এপ্রিল মাসেই বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়।
তবে ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য এখনও মোস্ট ওয়ান্টেড তালিকায় দেখা যায়নি।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ৪ মে বেনজীর আহমেদ পরিবারসহ দেশ ত্যাগ করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বেনজীর, তার স্ত্রী জীশান মীর্জা এবং দুই মেয়ে ফারহীন রিশতা ও তাহসীন রাইসার বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে চারটি মামলা করে দুদক।
দুদকের মামলায় উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জীশান মীর্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহীন রিশতা ৮ কোটি ৭৫ লাখ এবং মেজ মেয়ে তাহসীন রাইসা ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এছাড়া গত বছরের ১২ জুন আদালত বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা ঢাকার বাড্ডা ও আদাবরে ৮টি ফ্ল্যাট এবং নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায় ২৫ একর ২৭ কাঠা জমি জব্দের (ক্রোক) আদেশ দেন। পরবর্তীতে গোপালগঞ্জ ও মাদারীপুরে তাদের নামে থাকা ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানের ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং ৩টি বিও হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্বও পালন করেন।