শ্রমিক দিবসে ঢাকায় সমাবেশ করবে বিএনপি
আগামী ১ মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় বড় ধরনের শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতেও সমাবেশ হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নজরুল ইসলাম খান বলেন, “১লা মে মহান মে দিবসে আমরা ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশ করব। ইতোমধ্যে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগরের পক্ষ থেকে প্রস্তুতি সভা হয়েছে। উপকমিটিও গঠন করা হয়েছে।”
তিনি বলেন, “মহান মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের বিজয়ের দিন। সেই উপলক্ষে আমরা শান্তিপূর্ণ ও বিশাল সমাবেশ করতে চাই। আমরা চেষ্টা করেছিলাম চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান অতিথি করার। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নয়। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন।”
তিনি আরও বলেন, “মে দিবসের মূল দাবি ছিল দৈনিক ৮ ঘণ্টা কাজের অধিকার, কিন্তু আজও দেশের সব শ্রমিক এই অধিকার পাননি। অনেক জায়গায় এখনও অতিরিক্ত সময় কাজ করতে হয়, অনেক সময় বিনা বেতনে। শ্রমিকদের সংগঠন গড়ার অধিকার, দর কষাকষির স্বাধীনতা এবং ন্যায্য মজুরির দাবি সামনে রেখেই আমরা এই দিবসটি পালন করব।”
নজরুল ইসলাম খান জানান, দিনটি সরকারি ছুটির দিন হওয়ায় জনদুর্ভোগ কম হবে বলেই তারা আশা করছেন। বেলা ২টায় সমাবেশ শুরু হবে। এতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, হুমায়ুন ইসলাম, ফিরোজ উজ্জামান মামুন মোল্লা, আনোয়ার হোসাইন, সাদেক খান, হাসান জাফির তুহিন, মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, রফিকুল আলম মজনু, আমিনুল হক, আফরোজা আব্বাস, সুলতানা আহম্মেদ, হেলাল খান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সুমন ভুইয়া, বদরুল আলম সবুজ, শ্যামল মালুম প্রমুখ।