নতুন রাজনৈতিক দল ‘জনতার পার্টি বাংলাদেশ’ ঘোষণা করতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন।
তিনি শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানে নতুন দলটির নাম ঘোষণা করবেন।
নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ কালবেলা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নতুন দলটির নাম ‘জনতার পার্টি বাংলাদেশ’ হবে। এতে সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন নির্বাহী চেয়ারম্যান এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ মহাসচিব হতে পারেন।
লিটন এরশাদ জানিয়েছেন, এই দলে রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক, সরকারি কর্মকর্তাসহ নানা অঙ্গনের মানুষ থাকবেন।
ইলিয়াস কাঞ্চন, যিনি ১৯৯৩ সালে তার স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয়, এবার সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন।
এই নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহলের সৃষ্টি হয়েছে।