বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা ছাত্রদলে যোগদান
মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে তারা ছাত্রদলে নাম লেখান।
ছাত্রদলে যোগদানকারী নেতারা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন এবং ইফতি আহমেদ ফাহিম। এর আগে গত ২১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা পদত্যাগের ঘোষণা দেন।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনজন ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছে। এই নতুন যোগদান শাখাটি আরও সক্রিয় ও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সদ্য পদত্যাগকারী নেতা ইফতি আহমেদ ফাহিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো গঠনতন্ত্র না থাকায় তারা ফেসবুকে ঘোষণা দিয়েই স্বেচ্ছায় সংগঠন ত্যাগ করেছেন। এ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই।
জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম বলেন, জেলার প্রতিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। এতে অনেকেই আগ্রহী হয়ে ছাত্রদলে যোগ দিচ্ছেন, যা ইতিবাচক রাজনীতির জন্য ভালো লক্ষণ।