রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

‘আমি দুঃখিত, ভুল বোঝাবুঝি হয়েছে’—উপদেষ্টা আসিফ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৪ ১৪:৩০:৪১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বাবার হয়ে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

পোস্টে তিনি জানান, গতকাল রাত ৯টার দিকে এক সাংবাদিক ফোন করে তার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স বিষয়ে জানতে চান। পরে বাবার সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হন, তার বাবা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন। সাংবাদিককে বিষয়টি জানানো হলে সেটি গণমাধ্যমে প্রচার হয় এবং আলোচনার জন্ম দেয়।

আসিফ মাহমুদ বলেন, “আমার বাবা একজন স্কুলশিক্ষক—আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার বাবাকে পরামর্শ দেন, তার নাম ব্যবহার করলে সুবিধা হবে। তাই বাবা লাইসেন্সটি করেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে এটি বৈধ হলেও, আমি উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকাকালীন বাবার এমন কার্যক্রম স্পষ্টভাবেই ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’।”

তিনি আরও জানান, বিষয়টি বোঝার পর বাবার অনুরোধে ওই ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে এবং লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য কোনো আবেদনও করা হয়নি।

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেন, আসিফ মাহমুদের বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

SStv