কাশ্মীরে সাঁড়াশি অভিযান, সংঘর্ষে ভারতীয় সেনা নিহত
কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানের দ্বিতীয় দিনেও ব্যাপক সংঘর্ষ চলছে, আর তাতে একজন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল ভারতশাসিত কাশ্মীরের উধমপুর। সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর জানিয়েছে, এক সাহসী জওয়ান গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সেনাবাহিনীর সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, “আমাদের একজন সাহসী সৈনিক সংঘর্ষে গুরুতর আহত হন এবং পরে মারা যান।” তবে উগ্রপন্থী বলতে কাদের বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেনি তারা।
এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামের বৈসরন উপত্যকায় এক ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামক একটি গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এ হামলার দায় স্বীকার করেছে।
এ ঘটনার পর থেকেই ভারত জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সন্ত্রাসীদের পাশাপাশি তাদের পেছনের পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন, বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পারাপার এবং ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণাও দিয়েছে।
এর মধ্যে, এই হামলার দিনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কাশ্মীর ইস্যুতে বক্তব্য দেন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে ধন্যবাদ জানান। এতে করে দক্ষিণ এশিয়ায় যুদ্ধাবস্থা তৈরির শঙ্কা ফের জোরালো হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন—এই সংঘাত কি পারমাণবিক উত্তেজনায় রূপ নেবে?