রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

চিকিৎসকদের প্রতি মানুষের আস্থাহীনতা দূর করতে চায় সরকার

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৪ ১৭:০৭:০০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানিয়েছেন, দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার ক্ষেত্রে দ্বৈততা দেখা দিয়েছে, যার ফলে সরকার এ ব্যবস্থার সমন্বয় আনতে উদ্যোগ নিচ্ছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, "একই পরিবারে একাধিক স্বাস্থ্যকর্মী গিয়ে একই ধরনের সেবা দিচ্ছেন। একজন স্বাস্থ্যকর্মী, একজন পরিবার পরিকল্পনা কর্মী এবং একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার—তাদের কার্যক্রমে মিল থাকায় একরকম গড়মিল তৈরি হচ্ছে। এ কারণে সরকার বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে যেন এক কাজ একাধিক ব্যক্তি না করেন।"

স্বাস্থ্য খাতের অন্যান্য সমস্যাও তুলে ধরেন অধ্যাপক সায়েদুর রহমান। তিনি বলেন, জনবল সংকট, শিক্ষা কাঠামোর দুর্বলতা, হাসপাতাল ব্যবস্থাপনার জটিলতা—এসব মিলেই স্বাস্থ্যখাত সমস্যাগ্রস্ত। তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা দলীয়ভাবে পরিচালিত হয়, চিকিৎসকরা এর নেতৃত্বে থাকেন। তবে মানুষ অনেক সময় মনে করে চিকিৎসকদের ওষুধ কোম্পানি বা ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে, ফলে তাদের বেশি খরচ করতে হয়।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ও স্বাস্থ্য খাতবিষয়ক সংস্কার কমিশনের সভাপতি এ কে আজাদ খান। তিনি বলেন, “ডাক্তারি একটি অনন্য পেশা। ভালো মানুষ না হলে কেউ ভালো ডাক্তার হতে পারে না।” অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অধ্যাপক সৈয়দ আতিকুল হক এবং এ কে আজাদ খান কমিউনিটি ক্লিনিক নিয়ে কোনো মন্তব্য করেননি।

SStv