রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

অপহরণের ৮ দিন পর চবির পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিল অপহরণকারীরা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৪ ১৭:১৭:০৯

অপহরণের আটদিন পর খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা।

মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—পিসিপি চবির শাখার সদস্য রিশন চাকমা এবং তার চার বন্ধু—চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো ও অলড্রিন ত্রিপুরা। তারা সকলেই চবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে সোমবার (২১ এপ্রিল) যৌথবাহিনী খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় ইউপিডিএফের একটি গোপন আস্তানায় অভিযান চালায়। সেখানে থেকে চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘটনার শুরু থেকেই ইউপিডিএফকে দায়ী করে আসছেন জেএসএস সমর্থিত পিসিপির সভাপতি নিপুণ ত্রিপুরা। তবে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে বিঝু উৎসব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

SStv