চলতি বছর দেশে আরও ৩০ লাখ মানুষ ‘অতি গরিব’ হওয়ার শঙ্কা: বিশ্বব্যাংক
চলতি বছরে বাংলাদেশে আরও ৩০ লাখ মানুষ নতুন করে ‘অতি গরিব’ হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ সতর্কতা দিয়েছে সংস্থাটি।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, অতি দারিদ্র্যের হার ২০২৫ সালের মধ্যে ৯.৩ শতাংশে পৌঁছাতে পারে, যা ২০২২ সালে ছিল ৭.৭ শতাংশ। অর্থাৎ প্রায় ১ কোটি ৫৮ লাখ মানুষ দিনে ২.১৫ ডলারের কম আয়ে জীবনযাপন করবে।
জাতীয় দারিদ্র্য হারও বাড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০২৫ সালে তা দাঁড়াবে ২২.৯ শতাংশে, যা বর্তমানে প্রায় ২০.৫ শতাংশ। এতে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা হবে প্রায় ৩ কোটি ৯০ লাখ।
বিশ্বব্যাংক মনে করছে, দুর্বল শ্রমবাজার ও অর্থনৈতিক শ্লথগতি এই অবস্থার জন্য দায়ী। এছাড়া আয়ের প্রকৃত পরিমাণ কমে যাওয়ায় অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে।
সংস্থাটির হিসাবে, কোনো ব্যক্তি দিনে ২.১৫ ডলারের (ক্রয়ক্ষমতার সমতা অনুযায়ী) কম আয় করলে তাকে হতদরিদ্র হিসেবে গণ্য করা হয়। এটি আন্তর্জাতিকভাবে নির্ধারিত দারিদ্র্যরেখা।