প্রবাসীদের অবদানেই ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার কারণেই দেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আপনারা আমাদের শক্তি। আপনাদের সহযোগিতা ছাড়া দেশের অর্থনীতি এভাবে ঘুরে দাঁড়াতে পারত না।”
প্রবাসীদের জন্য বিমানবন্দরে বিশেষ সেবা চালুর ঘোষণা দিয়ে তিনি জানান, তাদের ভিআইপি মর্যাদায় সেবা দেওয়া হবে। পণ্য পরিবহনে কার্গো ভাড়া কমানোসহ দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় আরও জানানো হয়, পাসপোর্টসহ সব ধরনের সেবা অনলাইনে আনার কাজ চলছে।
সভায় পররাষ্ট্র, জ্বালানি ও নিরাপত্তা উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।