রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএনসিসির কঠোর অভিযান

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৫ ২৩:৫১:৪৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর গাবতলী টার্মিনালে বিআরটিএ ডিপো পরিদর্শনের সময় এই সিদ্ধান্তের কথা জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ট্র্যাপার বসিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হবে। একই সঙ্গে যেসব ওয়ার্কশপে অবৈধভাবে এই অটোরিকশা তৈরি বা মেরামত করা হয়, সেগুলো বন্ধ করে দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া গাবতলী টার্মিনালে আন্তঃজেলা বাসের জন্য আলাদা রাস্তা নির্মাণের কথাও জানান তিনি। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাসগুলো বিআরটিএর ডিপোতে প্রবেশ ও বের হওয়ার জন্য ডেডিকেটেড রাস্তা ব্যবহার করবে, যাতে করে গাবতলী টার্মিনাল এলাকায় যানজট কমে এবং শৃঙ্খলা ফিরে আসে।

তিনি আরও বলেন, গাবতলী টার্মিনালের বাইরে কোনো গাড়ি দাঁড়াতে পারবে না এবং কোনো পরিবহনের টিকিট কাউন্টারও থাকবে না। আন্তঃজেলা বাস যাত্রা ও টিকিটিংয়ের সব কার্যক্রম টার্মিনালের ভেতরেই সম্পন্ন হবে।

ডিএনসিসি, বিআরটিএ, ডিএমপি এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে, যাতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা যায়।

SStv