রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

চট্টগ্রামে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৬ ২১:৩৫:২৮

চট্টগ্রামে ৫০০ শয্যার একটি নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। দক্ষিণ চট্টগ্রামের মানুষ এতদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভর করতেন, তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্ণফুলী উপজেলায় নতুন হাসপাতাল তৈরি করা হবে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশে খলিল মীর কলেজ সংলগ্ন সম্ভাব্য স্থানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিষয়েও দিকনির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, হাসপাতাল নির্মিত হলে কর্ণফুলীসহ আশপাশের অন্তত তিনটি উপজেলার জনগণ উপকৃত হবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, হাসপাতাল নির্মাণের জন্য ১০ একর জমির প্রয়োজন হবে। স্বাস্থ্য উপদেষ্টা সম্ভাব্য জায়গাটি পরিদর্শন করেছেন এবং সরকার অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতাল নির্মাণে আগ্রহী। কাজ দ্রুত শুরু করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়া ত্রিপুরা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা উপস্থিত ছিলেন।

SStv