রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৬ ২২:১০:০৩

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকা বিভাগের কয়েকটি জেলা এবং খুলনা ও বরিশাল বিভাগের সব জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিটে এই সমস্যা শুরু হয়। সন্ধ্যার পর দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা অন্ধকারে ঢেকে যায়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জের আমিনবাজার এলাকায় জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় ব্ল্যাকআউট হয়। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে।

তিনি জানান, খুলনা শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় ৫টা ৪৮ মিনিটে। প্রায় দুই ঘণ্টা পর ৭টা ৫০ মিনিটের দিকে খুলনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। তবে অন্যান্য জেলায় এখনো পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়নি।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া ২১টি জেলা হলো—খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

SStv