রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

৬ জেলায় বজ্রপাতে ১২ জনের মর্মান্তিক মৃত্যু

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৮ ২১:৪৬:৩৪

দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে। মুরাদনগরের কোরবানপুর পূর্ব পাড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিখিল দেবনাথ (৫৫) ও জুয়েল ভূঁইয়া (৩২) নিহত হন। বরুড়ায় ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে মারা যান জিহাদ (১৪) ও ফাহাদ (১৩)। এ ঘটনায় আবু সুফিয়ান (৭) নামে আরও এক শিশু আহত হয়েছে।

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী গ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু হয় আরাফাত (১০) নামে এক শিশুর। সুনামগঞ্জের শাল্লা উপজেলার বুড়িগাঙ্গাল হাওরে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন কলেজছাত্র রিমন তালুকদার (২০)।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন ও কটিয়াদী উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। ধান কাটতে গিয়ে ইন্দ্রজিৎ দাস (৩০), মাছ ধরতে গিয়ে স্বাধীন মিয়া (১৪), খড় ঢাকতে গিয়ে ফুলেছা বেগম (৬৫) ও বিলের পাশে শাহজাহান (৩৮) বজ্রপাতে নিহত হন।

চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যান বিশকা রানী সরকার (৪৫)। তিনি মাঠে ধান কাটার কাজ করছিলেন।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বজ্রপাতে কৃষক মানিক মিয়া (৬০) মারা যান এবং আহত হন হানিফ মিয়া (৬৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও থানার কর্মকর্তারা বজ্রপাতে মৃত্যুর ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। বজ্রপাত থেকে বাঁচতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

SStv