রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

লাইসেন্স পেল স্টারলিংক, বাংলাদেশে শুরু হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট সেবা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৮ ২১:৫৯:০১

মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক বাংলাদেশে লাইসেন্স পেল। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২৮ এপ্রিল) এ লাইসেন্স অনুমোদন করেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ২৫ মার্চ ‘Non-Geostationary Orbit (NGSO) Satellite Services Operator In Bangladesh’ শীর্ষক গাইডলাইন জারি করে, যার আওতায় স্টারলিংক প্রয়োজনীয় ফি ও কাগজপত্রসহ আবেদন করে। গত ২১ এপ্রিল বিটিআরসির ২৯৪তম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্তের পর স্টারলিংকের পক্ষে লাইসেন্স ইস্যু করা হয়।

শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে স্টারলিংক সেবা চালু করতে যাচ্ছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে আনার দাবির প্রেক্ষিতে উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশের দুর্গম হাওর, দ্বীপাঞ্চল ও পাহাড়ি এলাকায় দ্রুত ইন্টারনেট পৌঁছে দিতে প্রধান উপদেষ্টা ইলন মাস্ককে ফোন করে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরির আহ্বান জানান। বিডা, বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সম্মিলিতভাবে এ লক্ষ্যে কাজ করে।

ফয়েজ তৈয়্যব আরও বলেন, স্টারলিংকের মাধ্যমে লোডশেডিং চলাকালেও নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সুবিধা থাকবে। বর্তমানে দেশের অন্তত ৬৫ শতাংশ টেলিযোগাযোগ টাওয়ার এখনো ফাইবার নেটওয়ার্কের বাইরে; যেখানে মাইক্রোওয়েভ প্রযুক্তির মাধ্যমে সীমিত সেবা দেওয়া হয়। ফাইবার নেটওয়ার্ক ও মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটিয়ে স্টারলিংক গ্রামীণ ও শহরাঞ্চলে সমান মানের ইন্টারনেট নিশ্চিত করবে।

তিনি বলেন, স্টারলিংক বাজারে প্রবেশের ফলে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বাজার আরও প্রতিযোগিতামূলক হবে। পাশাপাশি, ডেটা ও ভয়েস নির্ভর প্রচলিত ইন্টারনেট ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল সার্ভিস ভিত্তিক নতুন যুগের সূচনা হবে, যা শহর-গ্রাম নির্বিশেষে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন ইন্টারনেট সংযোগের নিশ্চয়তা দেবে।

SStv