রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

পুলিশ জনরোষের শিকার হয়েছে আগের সরকারের অবৈধ আদেশে: ড. ইউনূস

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৯ ১৪:৩৩:০০

স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। এর ফলে অনেক সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যকে জনগণের রোষানলে পড়তে হয়েছে, অনেকে জীবন পর্যন্ত দিয়েছেন।”

তিনি বলেন, “আগামী নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নির্বাচনে হার মানা পক্ষ যেন স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।”

নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে পুলিশের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “নারীরা যেন নির্ভয়ে পুলিশের হটলাইনে ফোন করে সেবা পেতে পারেন—পুলিশকে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “মানুষের আস্থা ফেরাতে এবং বাহিনীর মর্যাদা পুনরুদ্ধারে ইতোমধ্যে সরকার কাজ শুরু করেছে। পুলিশ যাতে শুধু শক্তি প্রদর্শন না করে, বরং সেবাপ্রদানে আন্তরিক হয়, সেই প্রত্যাশা রাখি।”

অনুষ্ঠানে গত বছরের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন।

সাধারণত বছরের শুরুতে জাঁকজমকপূর্ণভাবে পুলিশ সপ্তাহ পালন করা হলেও, গত বছরের সরকারবিরোধী আন্দোলন, ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ এবং গণঅভ্যুত্থানের ঘটনার প্রেক্ষাপটে এবার অনুষ্ঠানটি তিন দিনব্যাপী সীমিত পরিসরে হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকারের পতনের দিন পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা হয়। অনেক থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে, এবং কিছু থানা থেকে পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার হয়। সেই আঘাত থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে বর্তমান সরকার।

SStv