রাখাইন ইস্যুতে মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রেস সচিব
মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে ‘মানবিক করিডোর’ স্থাপন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
তিনি বলেন, "সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি। আমাদের অবস্থান পরিষ্কার—যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তবে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।"
শফিকুল আলম আরও জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্য অনুযায়ী রাখাইনে বর্তমানে চরম মানবিক সংকট বিরাজ করছে। এ অবস্থায় বাংলাদেশ অতীতেও যেমন সংকটময় পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তেমনি এবারও নীতিগতভাবে সহায়তায় প্রস্তুত রয়েছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “রাখাইনে মানবিক দুর্দশা অব্যাহত থাকলে তা বাংলাদেশে নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামার কারণ হতে পারে, যা আমরা আর বহন করতে পারব না।”
‘মানবিক করিডোর’ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী নানা গুজব ও অপপ্রচারের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, “বলা হচ্ছে, এটি একটি বড় বিশ্বশক্তির ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ। এ ধরনের দাবি ভিত্তিহীন ও কল্পিত। এটি চলমান ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অংশ মাত্র।”
তিনি আরও জানান, রাখাইনে সহায়তা পাঠানো সংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে যথাসময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।