বাংলাদেশে অনুপ্রবেশ করে ধরা পড়ল দুই বিএসএফ, পা ধরে মাফ চাইল
আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের ধরতে গিয়ে ধরা পড়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য। সাধারণ মানুষের হাতে আটক হয়ে একপর্যায়ে তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পা ধরে ক্ষমা চান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিওসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, সম্প্রতি ২ জন বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন এবং কয়েকজন বাংলাদেশি কৃষককে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় জনগণ বুঝতে পারলে তারা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় নিকটবর্তী বিজিবি ক্যাম্প থেকে বিজিবি সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
জনতা ও বিজিবি সদস্যরা মিলে দুই বিএসএফ সদস্যকে আটক করেন। পরে তাদের কৌশলে নিরস্ত্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, নিজেদের রক্ষা করতে বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করছেন। একপর্যায়ে তারা মাটিতে পড়ে গিয়ে বিজিবি সদস্যদের পা ধরে কাকুতি-মিনতি করেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সাংবাদিক সামি জানান, এই ভিডিও ফুটেজ বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে। পরবর্তীতে আটক বিএসএফ সদস্যদের ক্ষমা প্রার্থনার পর কূটনৈতিক ও সামরিক প্রটোকল অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার পর সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও নজরদারি জোরদার করেছে বিজিবি।