রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ব নিয়ে আইন দরকার: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-৩০ ১২:২৯:৪২

সাংবাদিকদের জন্য শুধু সুরক্ষা আইন নয়, বরং দায়িত্ব ও নৈতিকতা সম্পর্কেও আলাদা আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, কোনো সাংবাদিক পেশাদার ও দায়িত্বশীল না হলে আইনি সুরক্ষা প্রাপ্য হবেন না।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘ফ্যাসিবাদের পনেরো বছরে গণমাধ্যমের বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক লোভে পড়ে ফ্যাসিবাদী সরকারের সহযোগী হয়ে উঠেছিলেন। তাঁরা সাংবাদিকতার চেয়ে শেখ পরিবারের ভাবমূর্তি রক্ষাতেই বেশি সচেষ্ট ছিলেন। কেউ কেউ বিপুল সম্পদের মালিকও হয়েছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফ্যাসিবাদের মধ্যে থাকায় অনেক সাংবাদিকের মধ্যে ‘সেলফ-সেন্সরশিপ’ কাজ করছে। এই অবস্থা দ্রুত পরিবর্তন হওয়া উচিত। গণমাধ্যমের প্রভাব সম্পর্কে তিনি বলেন, অসত্য সংবাদ অনেক সময় ব্যক্তিজীবন ধ্বংস ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐকমত্য ও গণমাধ্যমে ইতিবাচক পরিবেশ তৈরি জরুরি।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, এখন আর সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে ফোন করে চাপ দেওয়া হয় না—এটি ইতিবাচক। তবে সাংবাদিকতার অপব্যবহার ‘দুর্বৃত্তায়নে’ রূপ নিচ্ছে, যা অবশ্যই বন্ধ করতে হবে।

মূল প্রবন্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ–আল মামুন বলেন, বিগত সরকারের সময়ে ‘শিকারি সাংবাদিকতার’ মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে অপরাধী বানানো হতো। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর এবং গণমাধ্যম সংশ্লিষ্ট অনেকে।

SStv