রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-৩০ ১২:৪১:২৩

প্রায় দুই যুগ আগে ঢাকার রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে চালানো বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় আগামী ৮ মে (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে। হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার (৩০ এপ্রিল) রায়ের জন্য এ দিন ধার্য করেন।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় ৯ জন মারা যান এবং হাসপাতালে আরও একজন মারা যান। এই ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

২০০৮ সালের ৩০ নভেম্বর সিআইডি দুটি মামলায় ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালের ২৩ জুন আদালত হত্যা মামলার রায় ঘোষণা করে। আদালত হরকাতুল জিহাদ (হুজি) সংগঠনের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মুফতি আব্দুল হান্নান, মাওলানা আকবর হোসেন, আরিফ হাসান সুমন, মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর, মাওলানা আব্দুল হাই এবং মাওলানা শফিকুর রহমান। এর মধ্যে সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে।

SStv