রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৫-০১ ২৩:৫৮:৪৭

বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার (২ মে) ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, শনিবার (৩ মে) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৪ মে) রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৫ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ধাতব বস্তু বহন এবং গাছের নিচে আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। মাঠ, খামার বা নদীপথে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে।

SStv