মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩

নিজের রেকর্ড নিজেই ভাঙবেন শাহরুখ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-০৯-২১ ১৭:২৩:১০

বিনোদন ডেস্ক

গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাটি। মুক্তির ১৪ দিন পর এখনও বিশ্বব্যাপী চলছে ‘জাওয়ান’ ঝড়। একের পর এক রেকর্ড গড়ে বক্স অফিস তোলপাড় করে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি। ইতিমধ্যে শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমাটি ভারতীয় বক্স ৫০০ কোটি রুপি আয় করে নিয়েছে। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ছাড়িয়েছে ৯০০ কোটি রুপি।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে এসে ‘জাওয়ান’র আয় সামান্য হ্রাস পেয়েছে। ১৪তম দিনে ভারতে হিন্দি, তামিল আর তেলুগু সিনেমাটি আয় করে নিয়েছে প্রায় ১১ কোটি রুপি। যেখানে আগের দিন ভারতে সিনেমাটির আয় ছিল ১৪ কোটি রুপি। তবে সময়ের সাথে সাথে ‘জাওয়ান’র কমতে থাকলেও, মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ১০ কোটি রুপির বেশি আয়কে কোন ভাবেই খারাপ বলা যায় না। বর্তমানে ভারতের বাজার থেকে সিনেমাটির মোট আয় প্রায় ৫১৯ কোটি রুপি।

এছাড়া বুধবার (২০ সেপ্টেম্বর) প্রযোজনা সংস্থা রেড চিলিজের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ‘জাওয়ান’র মোট আয় ৯০৭. ৫৪ কোটি রুপি। সিনেমাটি ১১ দিনেই ঢুকে পড়েছিল ৮০০ কোটির ক্লাবে। বর্তমানে ভারতে সর্বোচ্চ আয়ের ভিত্তিতে তৃতীয় হিন্দি সিনেমা ‘জাওয়ান’। ভারতে সর্বোচ্চ আয়ের ভিত্তিতে প্রথমে রয়েছে ‘পাঠান’, তারপর দ্বিতীয় স্থানে ‘গাদার ২’। আশা রাখা যাচ্ছে আগামী সপ্তাহের আগেই এই তালিকায় সর্বোচ্চে পৌঁছে যাবে ‘জাওয়ান’। নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলবেন শাহরুখ খান।

এদিকে চলতি বছরের শুরুতে শাহরুখ খানের ‘পাঠান’ই ছিল প্রথম হিন্দি সিনেমা, যা ১০০০ কোটি রুপি সংগ্রহ করে। এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। তবে ক্ষেত্রেও শাহরুখ নিজেই নিজেকে টপকে যাবেন বলে ধারণা সকলের। ‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করলেন বলিউডের কিং শাহরুখ খান। সেই সঙ্গে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও তারকা বিজয় সেতুপতি। সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, ঋধি ডোগরা প্রমুখ।

এছাড়া ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘জাওয়ান’ প্রযোজনা করেছেন গৌরি খান। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। চলতি বছরে শাহরুখের আরো একটা সিনেমা আসার কথা রয়েছে। ‘জাওয়ান’র সাফল্যের পর আয়োজিত প্রেস কনফারেন্সেই বলিউড বাদশা ঘোষণা করে দিয়েছেন বড় দিন বা নিউ ইয়ারে মুক্তি পাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। যাতে প্রথমবার জুটি বেঁধেছেন শাহরুখ খান আর তাপসী পান্নু। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিকি কৌশল ও ধর্মেন্দ্রও। এখন দেখার পরপর তিনটি ব্লববাস্টার হিট দিয়ে হ্যাটট্রিক করতে পারেন কি না কিং খান।


SStv