বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩
কিউই শিবিরে শরিফুলের জোড়া আঘাত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ। যেখানে শরিফুলের তোপে পরপর দুই বলে ২ উইকেট হারিয়েছে কিউইরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯.৩ ওভারে দুই উইকেটে ৫০ রান। আগে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে মাত্র ১৭১ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন ফিন অ্যালেন ও উইল ইয়ং। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ৪৯ রান। নবম ওভার পর্যন্ত নির্বিঘ্নেই দলকে এগিয়ে নেন তারা। এরপরই ছন্দপতন।
দশম ওভারে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলে ২৮ রান করা অ্যালেনকে নাসুমের তালুবন্দী করেন তিনি। পরের বলেই বোল্ড করেছেন ডিন ফক্সক্রফটকে। এ পেসার জ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও অবশ্য তা হয়নি।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ তামিম ও জাকির হাসান।
এ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে জাকিরের। তবে প্রথম ম্যাচ রাঙাতে পারেননি তিনি। ৫ বলে মাত্র ১ রান করেছেন এ ব্যাটার। পরের ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন তামিম। ট্রেন্ট বোল্টের বলে আউট হওয়া এ ওপেনার ৫ বল খেলে ৫ রান করেন।
চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তাওহীদ হৃদয়। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়েই উইকেট বিলিয়ে দেন তিনি। মিলনের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন এ ব্যাটার।
৩৫ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে প্রতিরোধ গড়ছিল বাংলাদেশ। তবে এরই মাঝে ঘটে ছন্দপতন। এর মাধ্যমে ভাঙে দুজনের ৫৩ রানের জুটি।
লকি ফার্গুসনের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন মুশফিক। লকি ফার্গুসনের বলটা তিনি ব্লক করেছিলেন ঠিকঠাকই। তবে বাড়তি পেসের বলটা ড্রপ করে চলে যায় স্ট্যাম্পে। পা দিয়ে আটকানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার। মুশফিক ফেরেন ১৮ রানে।
এরপর দলকে এগিয়ে নিতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শান্ত। দুজনের ব্যাটে দলীয় শতক পূরণ করে বাংলাদেশ। এরপরই ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দেখা পান শান্ত। ম্যাককঞ্চির বলে ৫৫ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূরণ করেন তিনি।
রিয়াদ দারুণ কিছু শটে ভালো কিছুর আশা দেখিয়েছিলেন। কিন্তু তিনিও শেষ পর্যন্ত হতাশা উপহার দিয়েছেন। ২১ রানে আউট হন তিনি। এরপর মাহেদীও বেশি কিছু করতে পারেননি। ফিরেছেন ১৩ রানে।
একপ্রান্ত আগলে রেখে লড়াই করছিলেন শান্ত। অধিনায়ক হিসেবে অভিষেকেই সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি। তবে তিনিও ৭৬ রানে ফিরলে শেষ হয়ে যায় বাংলাদেশের ২০০ পেরোনোর স্বপ্ন।
মাত্র ৩ রানে শেষ চার উইকেট হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে মিলনে চারটি, বোল্ট ও ম্যাককঞ্চি দুটি এবং লকি ফার্গুসন ও রাচীন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।