মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

গণসংযোগে হাসিবুর রহমান, চাইলেন নৌকায় ভোট

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-১৩ ১৯:১২:২১

নিজস্ব প্রতিবেদক :: 

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগে নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ থানা আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিক। শুক্রবার (১৩ অক্টোবর) ওই সিটির ৩৬ নং ওয়ার্ডের ( লালবাগ এলাকা) তাতী বাজার প্রসন্ন পোদ্দার লেন নুর মোহাম্মদ জামে মসজিদে জুম্মার নামায আদায় শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি এ গণসংযোগে নামেন।  এ-সময়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুসল্লী ও এলাকাবাসীর কাছে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন হাসিবুর রহমান মানিক। 


মুসল্লী ও এলাকাবাসীর উদ্দেশ্য হাসিবুর রহমান মানিক বলেন, আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে শান্তি শৃঙ্খলা রাখার জন্য এক সাথে কাজ করতে হবে। তিনি বলেন,  আগামী নির্বাচনে আমরা কোন সংঘাত-সন্ত্রাস চাই না। শান্তিতে থাকতে চাই। তাই আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠন করবেন। 


হাসিবুর রহমান আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা এই প্রথম বাংলাদেশে একসাথে ৫শত মসজিদ উদ্বোধন করেছেন। ফিলিস্তিনে বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা, তাদের ওপর সরকার পুর্ন সমর্থনে থাকবেন। ফিলিস্তিনের পাশে থাকবেন। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ফিলিস্তিনের জন্য দোয়া করা এবং পাশে থাকা।


প্রথম দিনের গণসংযোগে আরমানিটোলা, মৌলভীবাজার, কেন্দ্রীয় কারাগার, চকবাজার মোড়, উর্দু রোড এলাকায় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র, অর্জন এবং ২৬ নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন হাসিবুর রহমান। 

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিক।

SStv