মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩
আ’লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’

রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ডে সতর্ক থাকার পরামর্শ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-২৩ ১১:৫০:০৯

ডেস্ক রিপোর্ট :: 

রাজধানীর প্রতিটি থানা এবং ওয়ার্ডে সতর্ক পাহারা শুরু করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেইসঙ্গে ঢাকার প্রবেশপথগুলোতেও এই কার্যক্রম শুরু হয়েছে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ২৮ অক্টোবর ঢাকার প্রবেশপথগুলোর দূরবর্তী এলাকায় আশপাশের উপজেলার নেতাকর্মীর অবস্থান করার কথা রয়েছে।

আওয়ামী লীগের ঢাকা বিভাগের কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘তথাকথিত আন্দোলনের নামে কোনোভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এ জন্য রাজধানীর প্রবেশপথসহ নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি ও সতর্ক পাহারায় রয়েছেন। ঢাকায় অনুপ্রবেশকারী ও সন্ত্রাসী অস্ত্রধারী কাউকে দেখলেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাচ্ছেন।’

এদিকে ২৮ অক্টোবর ঢাকায় ১০ লাখ মানুষের সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। মির্জা আজম জানান, ওই দিন বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার আশপাশের পাঁচটি জেলা-মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন জানান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সঙ্গে তার কথা হয়েছে। তিনি ২৮ অক্টোবরের সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগও ২৮ অক্টোবরের সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত করার উদ্যোগ নিয়েছে।

এদিকে, রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ অক্টোবর (শনিবার) বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ওইদিন দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। সমাবেশটি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

SStv