পেঁয়াজের কেজি ১৩০ টাকা, আলু ৭০
ডেস্ক রিপোর্ট ::
দুই দিনের ব্যবধানে রাজধানীতে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আলুর দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, এখনো দাম কম আছে। দাম আরও বাড়বে। কোনো কারণ ছাড়াই দাম বাড়ায় অবাক ক্রেতারা। তারা হতাশা প্রকাশ করে বলছেন, এমন দেশ কোথাও নেই যেখানে কারণ ছাড়াই ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়ায়। সরকারের উচিত দ্রুত বাজার মনিটরিং করা। রোববার (২৯ অক্টোবর) সরেজমিনে রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে।
অথচ গত বৃহস্পতিবার রাজধানীতে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা কেজিতে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি। অর্থাৎ দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। একই দৃশ্য দেখা গেছে সাদা ডায়মন্ডের আলু বিক্রিতেও। বৃহস্পতিবার এই আলু ৫৫ থেকে হচ্ছে ৬০ টাকায় বিক্রি হয়েছিল। সেই আলু আজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। অর্থাৎ পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দামও।