আরও অস্থির ডলারের বাজার, দামে রেকর্ড
অর্থবাণিজ ডেস্ক ::
আবার অস্থির ডলারের বাজার। দেশের খোলা বাজারে ডলারের দাম আবারও বেড়েছে। নগদ ডলারের দাম এক দিনে ৪ টাকা বেড়ে রেকর্ড ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে। গত বুধবারও দাম ছিল ১২২ থেকে ১২৩ টাকা। ব্যাংক ও খোলা বাজারে বিনিময় হারের ব্যবধান কয়েক মাস কম থাকার পর তা আবারও বাড়ছে।
বেসরকারি ব্যাংক এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) নির্ধারিত ব্যাংকগুলোয় ডলার দর রয়েছে ১১১ টাকা। খোলা বাজারে তা বিক্রি হচ্ছে ১২৬ টাকা ৫০ পয়সা থেকে ১২৭ টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, মহামারি করোনার পর অর্থনীতিতে ডলারের বাড়তি চাহিদা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ডলারের দর হুহু করে বাড়িয়ে দিয়েছে। গত কয়েক মাস ব্যাংক ও খোলা বাজারে ডলারের বিনিময় হারের মধ্যে ব্যবধান কম ছিল। ব্যাংকে ডলারের মজুদ কম, দাম নির্ধারণ ও বিদেশে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি হুন্ডির মাধ্যমে লেনদেন বেড়ে যাওয়ায় ব্যাংক ও খোলা বাজারে দামের ব্যবধান আবারও বেড়েছে।
জানা গেছে, বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক ভ্রমণকারীদের কাছে ডলার বিক্রি করছে না। ফলে ডলার কিনতে তারা খোলা বাজারে যেতে বাধ্য হচ্ছেন। রাজধানীর মতিঝিলে বেশ কয়েকটি মানি চেঞ্জার গতকাল বাংলাদেশ প্রতিদিনকে জানান, তারা ১২৬ টাকা ৫০ পয়সা থেকে ১২৭ টাকায় ডলার বিক্রি করছেন। মানি চেঞ্জারদের একজন বলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া ব্যক্তি বা ভ্রমণকারীরা ডলার কিনতে হিমশিম খাচ্ছেন। মানি চেঞ্জাররা বিদেশি মুদ্রার যে মূল্য তালিকা করেছেন সেখানে ডলার বিক্রির দাম ১১৩ টাকা ৩০ পয়সা ও কেনার দাম ১১১ টাকা ৮০ পয়সা উল্লেখ করা হয়েছে। তবে এই হার কোথাও মানা হয় না। মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংক ঘোষিত বিনিময় হার না মানলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।